প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবাধিকারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন

প্রকাশিত December 10, 2021
প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবাধিকারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিকতা ও মানবাধিকারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরও বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের পবিত্র সংবিধানে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করেছিলেন আর বঙ্গবন্ধুকন্যা সেই অধিকারগুলোকে বাস্তব রূপ দিচ্ছেন।
ড মুহাম্মদ মোশাররফ হোসেন শুক্রবার সকালে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিভাগীয় কমিশনার বলেন, অনেক সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। অধিকার নিশ্চিত হয়েছে নারী-পুরুষ সবার। এমনকি তৃতীয় লিঙ্গের মানুষ, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীও সমান অধিকার ভোগ করছে।
মানুষের ন্যায় বিচারপ্রাপ্তি প্রসঙ্গে তিনি বুয়েট শিক্ষার্থী আবরার হত্যামামলার রায়ের কথা উল্লেখ করেন।
ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে ধন-বৈষম্য কমেছে। তবে আরও কমিয়ে আনতে হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।
বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা বলেন, মানবাধিকার সম্পর্কে মানুষ এখন অনেক সচেতন। বঙ্গবন্ধু বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলেন। দেশ সেদিকেই এগিয়ে চলেছে।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষ এখানে সমান অধিকার নিয়ে আছে-থাকবে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, ২০৪১ সালে মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে মানবাধিকার নিয়ে সবাইকে আরও কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, সকল মানুষের অধিকার নিশ্চিত করে বঙ্গবন্ধু মাত্র এক বছরের মধ্যে জাতিকে সংবিধান উপহার দেন, যার নজরে কোথাও নেই।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।