উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ থানা (এখন উপজেলা) মুক্ত দিবস ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার সেনাদের হটিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ এই জনপদ মুক্ত করেন। এর আগে চলে টানা ৩ দিনের সম্মুখযুদ্ধ। তাই মুক্তির স্বাদ পেয়ে পুরো শহরবাসী ‘জয়বাংলা’ স্লোগানে চারদিক মাতিয়ে রাজপথে নেমে আসেন।
মুক্তিযদ্ধের সাব সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদীর নেতৃত্বে থানা ভবনে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। পরে ডাকবাংলোর সামনে হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত মাহবুবুর রব সাদী আবেগজড়িত কন্ঠে মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য বর্ণনা করেন।
নবীগঞ্জ মুক্ত করতে আগে থেকেই মুক্তিযোদ্ধারা বিভিন্ন কৌশল অবলম্বন করেন। সময় সময় পাক বাহিনীর উপর গেরিলা হামলা চালিয়ে তাদের ভীত সন্ত্রস্ত করে রাখেন তারা। একপর্যায়ে নবীগঞ্জ থানাকে লক্ষ্য করে তিনদিকে অবস্থান নেন। ৩ ডিসেম্বর রাত থেকে ক্ষণে ক্ষণে গুলি বিনিময় চলতে দুদিক থেকেই। মুক্তিযোদ্ধারা কৌশলগত কারণে কখনও পিছু হটে আবার কখনও আক্রমণ চালিয়ে পাক বাহিনীকে নাস্তানাবুদ করতে থাকেন। ততদিনে নবীগঞ্জে খানসনাদের খাদ্য এবং রসদ সরবরাহ কমে যায়।
৪ ডিসেম্বর রাতে থানা ভবনের উত্তর দিকে রাজনগর গ্রামের নিকট থেকে মুক্তিযোদ্ধা রশিদ তার দল নিয়ে পাক বাহিনীর উপর প্রচণ্ড আক্রমণ চালান। এ যুদ্ধে কিশোর মুক্তিযোদ্ধা ধ্রুব শহীদ হন। আহত হন কয়েকজন মুক্তিযোদ্ধা। পরদিন রাতে পাক বাহিনীর থানা ক্যাম্পে আত্রমণ চালাতে মুক্তিযোদ্ধারা চরগাঁও ও রাজাবাদ গ্রামের মধ্যবর্তী শাখা বরাক নদীর দক্ষিণ পাড়ে অবস্থান নেন। প্রায় ৩ ঘণ্টা তুমুল যুদ্ধের পর ভোররাতে শক্র বাহিনী পালিয়ে যায়।