শান্তিগঞ্জে ব্রিটিশ এমপি হেলেন গ্রান্ট ও বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত

প্রকাশিত November 23, 2021
শান্তিগঞ্জে ব্রিটিশ এমপি হেলেন গ্রান্ট ও বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত

সুনামগঞ্জ প্রতিনিধি : ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার হেলেন গ্রান্ট ও বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানিগাঁও গ্রামে ইউনিসেফের লেট আস লার্ন প্রকল্পের আনন্দধারা প্রাক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দুপুরে পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা জানান, ব্রিটিশ সরকার বাংলাদেশের হাওর, চরাঞ্চল ও পাহাড়ি এলাকায় মেয়েশিশুদের শিক্ষার জন্যে ৫৪ মিলিয়ন পাউন্ডের একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেবে ইউকে সরকার। প্রকল্পটি শিক্ষার পাশাপাশি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে অবদান রাখবে।
প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন, ব্রিটিশ দূতাবাসের সিপিও সেলিম রেজা, টিম লিডার ফাহমিদা শবনম ও ডেপুটি টিম লিডার গোলাম কিবরিয়া।
প্রতিনিধি দলের সদস্যরা আনন্দধারা প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রকল্পের সার্বিক খোঁজখবর নেন।
প্রতিনিধি দল পরে শান্তিগঞ্জ উপজেলায় ব্রিটিশ সরকার ও ইউনিসেফের অর্থায়নে পরিচালিত আরও কিছু প্রকল্প পরিদর্শন করেন।