নিজস্ব প্রতিবেদক : সিলেটে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে প্রারম্ভিক বর্ষ হিসেবে শনিবার থেকে তিন দিনব্যাপী ভর্তিমেলা শুরু হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
এতে লিখিত বক্তব্য রাখেন, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা। এর আগে সাংবাদিকদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, উপাচার্য প্রফেসর ড মুহাম্মদ নাজমুল হক। এছাড়াও বক্তব্য রাখেন, ম্যানেজিং ট্রাস্টি ড আহমদ আল ওয়ালী, ব্যবসায় প্রশাসন ও ডেভেলপমেন্ট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড তোফায়েল আহমদ ও সীমান্তিকের সদস্য সচিব শামীম আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা ফরিদুল ইসলাম লতিফী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান মিনহাজ উল হক ভূঁইয়া, ছাত্রকল্যাণ উপদেষ্টা মাজেদ আহমদ ও ডেপুটি রেজিস্ট্রার দেলোয়ার জাহান চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভর্তি মেলায় বিশেষ ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। দরিদ্র ও মুক্তিযোদ্ধা সন্তানদের ভর্তি ফিতে দেওয়া হবে শতভাগ রেয়াত। এছাড়াও নানান সুযোগ থাকবে।
সৈয়দ জগলুল পাশা বলেন, আগামী বছর থেকে আরটিএম-আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির তিনটি অনুষদের অধীনে ইইই, সিএসই, ইংলিশ, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এমপিএইচ ও ফ্যাশন ডিজাইনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
উপাচার্য প্রফেসর ড মুহাম্মদ নাজমুল হক বলেন, এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় অনেক কম। এখান থেকে কেউ টাকার অভাবে পড়াশুনা থেকে ছিটকে পড়বে না। প্রত্যেক শিক্ষার্থীকে গুণগত মানের পাঠদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে।
এক প্রশ্নের উত্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি বিধি মেনেই এখন মহানগরীর টিবি গেট এলাকায় নিজস্ব ১০ তলা ভবনে পাঠদান শুরু হবে। তবে মূল ক্যাম্পাস হবে নির্মাণাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্কে। সেখানে এ বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ও অর্থনীতিবিদ ড আহমদ আল কবির বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান। ট্রেজারার সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মমতাজ শামীম।