নিজস্ব প্রতিবেদক : অনলাইন গণমাধ্যম সিলেট প্রতিদিন টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি সম্মেলনে সিলেটের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, যুগের সঙ্গে গণমাধ্যমেও পরিবর্তন এসেছে। এখন আর সংবাপত্রের জন্যে অপেক্ষায় থাকতে হয়না। মোবাইল ফোনে ক্লিক করলেই সব খবর চোখের সামনে ভেসে উঠে। অনলাইন গণমাধ্যম সবার আগে মানুষের কাছে দেশ-দুনিয়ার খবর পৌঁছে দিচ্ছে।
তারা অনলাইন গণমাধ্যমকর্মীদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রেকিংয়ের নামে যেন কেউ অসুস্থ প্রতিযোগিতায় না নামেন। সবদিক থেকে নিশ্চিত হয়ে যেন খবর আপলোড করেন। গুজবে যেন কখনও কান না দেন।
প্রতিনিধি সম্মেলন আয়োজন, প্রতিবছর আয়োজনের ঘোষণা ও প্রতিনিধিদেরকে পুরস্কৃত করার উদ্যোগের জন্যে সাংবাদিক নেতৃবৃন্দ সিলেট প্রতিদিন টুয়েন্টিফোর ডটকম সম্পাদক সাজলু লস্করসহ সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন।
বুধবার মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এ প্রতিনিধি সম্মেলনে অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) লুৎফুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও দৈনিক মানবজমিনের সিলেট প্রতিনিধি ওয়েছ খছরু। সভাপতিত্ব করেন, সিলেট প্রতিদিন টুয়েন্টিফোর ডটকম সম্পাদক ও প্রকাশক সাজলু লস্কর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বার্তা সম্পাদক এনামুল কবীর, সাবেক বার্তা সম্পাদক দেবব্রত রায় দিপন, এনামুল হক ও মুন্না মিয়া। পরিচালনায় ছিলেন, চিফ রিপোর্টার শামীম আহমদ ও স্টাফ রিপোর্টার মাসুদ আহমদ রনি।
প্রতিনিধি সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, স্টাফ ফটোগ্রাফার রুহিন আহমদ। গীতাপাঠ করেন, বালাগঞ্জ প্রতিনিধি রজত দাস ভূলন।
পরে প্রতিনিধিদের নিয়ে মুক্ত আলোচনাপর্ব অনুষ্ঠিত হয়।