সিলেটে আইজিপি কাপ জাতীয় যুব (অনূর্ধ্ব ১৯) কাবাডি প্রতিযোগিতায় বালাগঞ্জ থানা দল চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বালাগঞ্জ থানা দল ৪২-৯ পয়েন্টে বিশ্বনাথ থানা দলকে পরাজিত করে।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা পুলিশ সিলেটের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মোট ১৩টি দল অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো লুৎফর রহমান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেন।
প্রধান অতিথি এসপি ফরিদ উদ্দিন আহমেদ পিপিএম বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। আমরা খেলাটিকে সারাদেশে আবার ছড়িয়ে দিতে চাই। আগামী ডিসেম্বরে উপজেলা ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তিনি বলেন, খেলাধুলায় যারা যুক্ত থাকে তাদের মন ও শরীর সবসময় সুস্থ থাকে।-সংবাদ বিজ্ঞপ্তি