নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেট মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা এবং পানসি ও পাঁচভাই রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে জরিমানা করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় র্যাব ৯, স্বাস্থ্যবিভাগ ও বিএসটিআইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রেড লাইসেন্স না থাকা, নিম্নমানের খাবার সরবরাহ ও বিএসটিআইর অনুমোদনহীন খাদ্যউপকরণ ব্যবহারসহ নানা অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা এবং পানসি ও পাঁচভাই রেস্টুরেন্টকে জরিমানা করে।
এছাড়া ভোজনবাড়ির দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে যাওয়া হয়।
একটি রেস্টুরেন্ট সিলগালা, দুটি রেস্টুরন্টকে জরিমানা ও দুজন কর্মচারীকে আটকের প্রতিবাদে রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা সন্ধ্যায় জিন্দাবাজার পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এছাড়া বুধবার থেকে মহানগরীর সকল রেস্টুরেন্টে অনির্দিষ্টকালের জনে ধর্মঘট আহ্বান করা হয়।