নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামির মনোনয়নে বিক্ষোভ

প্রকাশিত October 27, 2021
নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামির মনোনয়নে বিক্ষোভ

নবীগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবিবকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের নতুনবাজার মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেভেন চৌধুরীর দাদা প্রবীণ আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান চৌধুরী, চুনু মিয়া, মো নূরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু ছালেহ জীবন, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা আবিদ হাসান তালুকদার ও মিজান খান।
তারা বলেন, ২০১৩ সালে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ছাত্রলীগের ত্যাগী নেতা হেভেন চৌধুরীকে নির্মমভাবে হত্যা করা হয়। তার রক্তের দাগ এখনো শুকায়। মা-বাবার চোখের পানি এখনো ঝড়ছে।
তারা অবিলম্বে এই মনোনয়ন বাতিল করে হাবিবুর রহমান হাবিবসহ অভিযুক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।