নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ায়ম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত হাবিবুর রহমান হাবিব উপজেলা ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যার মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপদস্ত করার ও রামদা দিয়ে টুকরো টুকরো করার হুমকি দেওয়ার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
২০১৪ সালের ৩ মার্চ হেভেন চৌধুরীকে কুপিয়ে হত্যা করা হয়। ব্যাপারে মামলা হয় হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি করে। মামলাটির বিচারকাজ শেষ পর্যায়ে আছে।
২০১০ সালের ৭ মার্চ হাবিবুর রহমান হাবিব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারি জলমহালের ইজারা আদায়ে বাঁধা সৃষ্টি করেন। কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা ইয়াসমীনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রাণনাশেরও হুমকি দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে প্রবাসীর সহায়-সম্বল দখল, জাল দলিল সৃষ্টি করে প্রবাসীর জমি বিক্রি এবং ২০১৫ সালের পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগও আছে।
তার বিরুদ্ধে প্রতারণার মামলাও রয়েছে (সংবাদসমগ্র বিভাগে দেখুন)।