সিলেট চেম্বার ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের মতবিনিময়

প্রকাশিত October 14, 2021
সিলেট চেম্বার ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের মতবিনিময়

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এসসিসিআইর সঙ্গে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-বিবিসিসিআই প্রতিনিধিদলের মতবিনিময় সভায় নতুন প্রজন্মের প্রবাসীদেরকে দেশের প্রতি আকৃষ্ট করতে যৌথ উদ্যোগে একটি সম্মিলনীর আয়োজনের ব্যাপারে ঐকমত্য হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট চেম্বার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে। এতে সভাপতিত্ব করেন, এসসিসিআই সভাপতি আবু তাহের মো শোয়েব।
মতবিনিময়কালে বিবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রতিনিধিদলের প্রধান মুহিব চৌধুরী বলেন, তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রবাসে থাকলেও তাদেরকে শেকড়েই ফিরে আসতে হয়। তাদের পরবর্তী প্রজন্মকে দেশের প্রতি আকৃষ্ট করতেও কাজ করছেন।
তিনি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সঙ্গে যৌথ উদ্যোগে সিলেটে একটি সামিট আয়োজনের প্রস্তাব করেন, যার প্রতিপাদ্য বিষয় হবে ‘ওয়েলকাম টু হোম’। এই উদ্যোগের মাধ্যমে তারা তাদের ছেলেমেয়েদের ভীতিকে দূর করে দেশের প্রতি আকৃষ্ট করতে পারবেন।
মুহিব চৌধুরী এ ব্যাপারে সিলেট চেম্বারে একটি উইং খোলার এবং দেশে প্রবাসী বিনিয়োগের ক্ষেত্রে বিরাজমান সমস্যাবলী চিহ্নিতকরণ করে এসব সমস্যা থেকে উত্তরণে একটি প্রস্তাবনা তৈরিরও আহবান জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আবু তাহের মো শোয়েব বলেন, তারা বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বৃদ্ধি, নতুন প্রজন্মের প্রবাসীদের দেশে আকৃষ্টকরণ ও সিলেটে স্পেশাল ইকোনমিক জোন গঠনসহ বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করেছেন, যার ফলশ্রুতিতে বর্তমান সরকার বাংলাদেশে ইকোনমিক জোন প্রতিষ্ঠায় এগিয়ে আসে। এছাড়াও আইসিটি খাতে সিলেটকে এগিয়ে নিতে বর্তমান সরকারের দূরদর্শী সিদ্ধান্তে সিলেটের কোম্পানীগঞ্জে হাই-টেক পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি প্রবাসী বাংলাদেশীদের সিলেট হাই-টেক পার্কে বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানান।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বিবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট ড সানাওয়ার চৌধুরী, ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু, ডাইরেক্টর এন্ড প্রেসিডেন্ট নর্থ ওয়েস্ট রিজিওন মিজানুর রহমান মিজান, ডাইরেক্টর বাংলাদেশ চ্যাপ্টার, এম এ লাকী, এসসিসিআইর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো হিজকিল গুলজার, সদস্য মুজিবুর রহমান, সহসভাপতি ও এফবিসিসিআইর পরিচালক তাহমিন আহমদ, পরিচালক মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো আব্দুর রহমান জামিল, মো আতিক হোসেন, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব ও খন্দকার ইসরার আহমদ রকী।-সংবাদ বিজ্ঞপ্তি