এটিএম বুথে লুটের অন্যতম পরিকল্পনাকারী জাহির গ্রেফতার

প্রকাশিত September 23, 2021
এটিএম বুথে লুটের অন্যতম পরিকল্পনাকারী জাহির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগরে এটিএম বুথে লুটের অন্যতম পরিকল্পনাকারী শাফিউদ্দিন জাহিরকে পুলিশ হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপরে নিজের কার্যালয়ে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সাংবাদিকদের এ তথ্য জানান।
এসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপারিয়া গ্রাম থেকে সিলেটের ডিবি পুলিশের একটি দল শাফিউদ্দিন জাহিরকে গ্রেফতার করে। এটিএম বুথ লুটের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি শাবলও উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জানান, দুবাইয়ে থাকাকালে এটিএম বুথের টাকা লুটের ঘটনায় অপর অভিযুক্ত শামীম আহমদের সঙ্গে শাফিউদ্দিন জাহিরের সখ্যতা গড়ে উঠে। পরে দেশে ফিরে দুজন চুরি ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে যায়।
এটিএম বুথের নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু ঘাটতি ছিলো বলেও পুলিশ সুপার উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর দিনগত রাত সোয়া ৩টায় ইউসিবি ব্যাংকের ওসমানীনগর উপজেলার শেরপুর নতুনবাজার শাখার এটিএম বুথের নিরাপত্তা রক্ষীকে জিম্মি করে মুখোশধারী ৪ ডাকাত ২৪ লাখ ২৫ হাজার টাকা লুটে নেয়। এরপর ঢাকা ও হবিগঞ্জে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ শামীম আহমদ, নূর মোহাম্মদ ও মো আব্দুল হালিমকে গ্রেফতার করে।