ঢাকায় ভারতীয় হাই কমিশন ৫৭তম ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা-আইটেক দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
১৯৬৪ সালে ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা কৌশল কাঠামোর আওতায় ভারতের উন্নয়ন সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে আইটেক কর্মসূচি প্রচলিত হয়, যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ভারতের উন্নয়ন অভিজ্ঞতা ও উপযুক্ত প্রযুক্তিগত সুবিধা প্রদান করা হয়। প্রতি বছর হিসাব, নিরীক্ষা, ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, গ্রামীণ উন্নয়ন ও সংসদীয় বিষয়াবলীর মতো বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কোর্সের জন্য ১৬১টি সহযোগী দেশে ১০ হাজারের বেশি প্রশিক্ষণ পর্বের আয়োজন করা হয়ে থাকে। আইটেক সহযোগিতায় বাংলাদেশ ভারতে প্রধান ও গুরুত্বপূর্ণ অংশীদার। গত বছর কোভিড-১৯ মহামারির কারণে ই-আইটেকের অধীনে বেশ কয়েকটি ভার্চুয়াল কোর্সের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে ছিল, প্রথম সারির বিভিন্ন ভারতীয় ইনস্টিটিউটে নারীকেন্দ্রিক কর্মসূচি, কোভিড ব্যবস্থাপনা, সুশাসন অনুশীলন, ডেটা অ্যানালিটিক্স, দূর অনুধাবন, অ্যাডাল্ট হেপাটোলজি ইত্যাদি।
২০০৭ সাল থেকে আইটেক কর্মসূচির অধীনে চার হাজারের বেশি বাংলাদেশী তরুণ পেশাজীবী ভারতে এ ধরনের বিশেষায়িত স্বল্প ও মধ্যমেয়াদী কোর্স সম্পন্ন করেছে। এই প্রশিক্ষণ কর্মসূচিগুলোর মাধ্যমে ভারতীয়রা বাংলাদেশের মেধাবীদের সাথে তাদের সেরা বিষয়গুলো ভাগ করে নেয়ার সুযোগ পান। তারাও বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা থেকে সমানভাবে উপকৃত হন, বিশেষ করে যা অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই অভূতপূর্ব অগ্রগতি সাধন করছে।
বিশিষ্ট অতিথিবর্গ ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রায় ১০০ জন প্রাক্তন আইটেক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চলমান মহামারি করোনার কারণে সীমিত পরিসরে কর্মসূচির আয়োজন করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি