নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হতে হবে : সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত September 10, 2021
নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হতে হবে : সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, যথাযথ শিক্ষা গ্রহণের মাধ্যমে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হতে হবে। এ জন্যে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা-উপজেলা পর্যায়ে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছেন, যাতে গ্রামের ছেলেমেয়েরাও উচ্চশিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে নির্মিতব্য কেন্দ্রীয় শহিদমিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শুক্রবার বিকেলে শহরের নতুন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো জাকির হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে ও শিক্ষাবিদ যোগেশ্বর দাস।