হবিগঞ্জ প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা চালু করেছিলেন। তখনকার ৩০০ টাকার ভাতা এখন ২০ হাজার টাকা। এছাড়াও আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে।
তিনি আরো বলেছেন, বিএনপি সরকারের আমলে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। আওয়ামী লীগ সরকার ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দিয়েছে।
রবিবার দুপুরে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়ের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন উপাধ্যক্ষ আব্দুজ জাহেরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী ও যুগ্ম সদস্যসচিব এ বি এম সুলতান আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহিদুল ইসলাম. বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক পংকজ কান্তি দাশ পল্লব, যুগ্ম সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ তরফদার ও জেলা মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সদস্য সচিব শাহ জয়নাল আবেদিন রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন, এনডিসি শাহ জহরুল ইসলাম।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বীর মুক্তিযোদ্ধা মো নূর মিয়া। গীতাপাঠ করেন, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দেব।
এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।