নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনায় মৃত্যুসংখ্যা আবার বেড়ে গেছে। বেড়েছে নমুনা পরীক্ষা ও নতুন করে আক্রান্ত। তবে শনাক্তের হার কমেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৯৫ জনের, যা শনিবারে শনাক্তের চেয়ে ২ জন বেশি। আগেরদিন ৯৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ৯৭০টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ৮৩৬। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৭৮২, সুনামগঞ্জে ৮০, মৌলভীবাজারে ৮৫ ও হবিগঞ্জে ২৩। এরমধ্যে সিলেটে ৬৮ জন, সুনামগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১৫ জন ও হবিগঞ্জে ৬ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৯ দশমিক ৭৯। শনিবারে ছিল ১১ দশমিক ১২। অর্থাৎ ১ দশমিক ৩৩ শতাংশ কমেছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৮ দশমিক ৭০, সুনামগঞ্জে ৭ দশমিক ৫০, মৌলভীবাজারে ১৭ দশমিক ৬৫ ও হবিগঞ্জে ২৬ দশমিক ০৯ শতাংশ।
এই সময়ে কেবল সিলেট জেলায় ৬ মারা গেছেন। আগেরদিন ১ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ১০০ জন, সুনামগঞ্জ জেলায় ১৭৩ জন ও মৌলভীবাজার জেলায় ৮৫ মিলিয়ে ৩৫৮ জন। আগের দিন ১০৯ জন সুস্থ হয়েছিলেন।