হবিগঞ্জে নববধূকে গণধর্ষণ : ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩ জন

প্রকাশিত September 3, 2021
হবিগঞ্জে নববধূকে গণধর্ষণ : ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩ জন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার টিক্কাপুর হাওরে নৌকা ভ্রমণে যাওয়া নববধূকে গণধর্ষণের দায়ে ছাত্রলীগ নেতা সোলায়মানসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৫ আগস্ট দুপুরে বাড়ির পাশে টিক্কাপুর হাওরে নৌকাভ্রমণে যান নবদম্পতি। একপর্যায়ে আরেকটি নৌকায় করে ৮ যুবক তাদের নৌকার গতিরোধ করে। এরপর নৌকায় উঠে বর ও সঙ্গে থাকা তার বন্ধুকে মারধর করে আটকে রেখে নববধূকে তাদের নৌকায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
তারা মোবাইল ফোনে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে হুমকি দেয় এই অপকর্মের কথা কাউকে জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। তাই নবদম্পতি নিশ্চুপ থাকেন; কিন্তু ৪ দিন পর ধর্ষকরা ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার নববধূর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায় তারা এলাকার কয়েকজনের মাঝে ভিডিওচিত্রটি ছড়িয়ে দেয়। এর মধ্যে নববধূর শারীরিক অবস্থাও খারাপ হতে থাকে। তাই বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নববধূর স্বামী বাদি হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ গণধর্ষণের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিচারক জিয়াউদ্দিন মাহমুদ তা আমলে নিয়ে ২৪ ঘন্টার মধ্যে এফআইআর করতে লাখাই থানার ওসিকে নির্দেশ দেন। বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে র‌্যাব মামলার আসামি ছাত্রলীগ নেতা, মোড়াকড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেনের ছেলে সোলায়মান রনি ও মোড়াকড়ি গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে মিঠু মিয়াকে গ্রেফতার করেছে। আর রুকু মিয়ার ছেলে শুভ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য অসামিরা হচ্ছে, মোড়াকড়ি গ্রামের খোকন মিয়ার ছেলে মুছা মিয়া, পাতা মিয়ার ছেলে হৃদয় মিয়া, বকুল মিয়ার ছেলে সুজাত মিয়া, মিজান মিয়ার ছেলে জুয়েল মিয়া ও ওয়াহাব আলীর ছেলে মুছা মিয়া।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
র‌্যাব জানায়, লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান ও সিনিয়র এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে সোলায়মান রনি ও মিঠু মিয়াকে গ্রেফতার করা হয়।