হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ে কুশিয়ারা নদীর তীরে অবস্থিত প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্পে পানি উঠে যাওয়ায় ৫১টি পরিবার ভোগান্তিতে পড়েছে।
এ বছরের মে মাসে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্পের অধীনে ভূমিহীন-গৃহহীন পরিবারগুলোকে তৈরি ঘর বরাদ্দ দেয়া হয়; কিন্তু কুশিয়ারা নদীর তীর সংলগ্ন নিচু জায়গায় মাটি ভরাট না করেই ঘরগুলো নির্মাণ করায় অল্প পানিতেই সেগুলোতে পানি উঠে পড়ে। ফলে সপ্তাহখানেক ধরে এই আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকার লোকজন অভিযোগ করেছেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করার সময় এলাকাবাসী মাটি ভরাটের কথা বললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা করেনি।
এদিকে জেলা প্রশাসক ইশরাত জাহান জানিয়েছেন, ঘরগুলো পানিতে তলিয়ে যায়নি। উঠানে পানি উঠেছে। প্রকল্পের বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।