জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর দ্বিতীয বিপ্লবের কর্মসূচি জানার ও নতুন প্রজন্মকে জানানোর উপর গুরুত্ব আরোপ করেছেন।
শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মো আব্দুল জলিল। ‘বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা ও অগ্রযাত্রার পথে বর্তমান বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মো কবির খান। প্রবন্ধের উপর আলোচনা করেন, মহানগর সভাপতি মো মজির উদ্দিন, জেলা সদস্য অ্যাডভোকেট মো আজমল আলী ও মহানগর সহসভাপতি মোহাম্মদ আবুল হাসানাত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক মো আব্দুল মালিক রাজু। স্বাগত বক্তব্য দেন, মহানগর সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাস। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, মহানগর সদস্য রেজাউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফৌজিয়া আক্তার।
বক্তারা স্বাধীনতার পরপর ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, ড কুদরত-ই খুদার নেতৃত্ব শিক্ষা কমিশন গঠন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন ও ৪টি বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন দেওয়াসহ বঙ্গবন্ধুর যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো আব্দুল জলিল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন তখনই যথার্থ হবে যখন সবাই রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে শাসক শেখ মুজিবুর রহমান এবং তার দ্বিতীয় বিপ্লব ও এর প্রেক্ষাপট ভালো করে জেনে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো।
প্রবন্ধ উপস্থাপক মো কবির খান বলেন, বাংলাদেশের আজকের অগ্রযাত্রার লুক্কায়িত চালিকাশক্তি বঙ্গবন্ধুর আধুনিক, বিজ্ঞানমনস্ক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষাভাবনা, যা তিনি ড কুদরত-ই- খুদা শিক্ষা কমিশনের মাধ্যমে জাতিকে উপহার দিয়েছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি