সিলেট বিভাগে করোনার কয়েকটি সূচক আরও কমলেও কমেনি মৃত্যু

প্রকাশিত August 26, 2021
সিলেট বিভাগে করোনার কয়েকটি সূচক আরও কমলেও কমেনি মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনায় নমুনা পরীক্ষা, আক্রান্তের সংখ্যা ও শনাক্তের হার আরো কমেছে; কিন্তু মৃত্যু বেড়েছে আগের দিনের চেয়ে। সুস্থ হওয়ার সংখ্যাও কমে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১৮১ জনের, যা বুধবারে শনাক্তের চেয়ে ৪৯ জন কম। আগেরদিন ২৩০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ৩৭৫টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৫২২। জেলাভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৭২০, সুনামগঞ্জে ১৫২, মৌলভীবাজারে ৩৪৩ ও হবিগঞ্জে ১৬০। এরমধ্যে সিলেটে ১০১ জন, সুনামগঞ্জে ১৯ জন, মৌলভীবাজারে ৪৩ জন ও হবিগঞ্জে ১৮ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ১৩ দশমিক ১৬। বুধবারে ছিল ১৫ দশমিক ১১। অর্থাৎ ১ দশমিক ৯৫ শতাংশ কমলো। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ১৪ দশমিক ০৩, সুনামগঞ্জে ১২ দশমিক ৫০, মৌলভীবাজারে ১২ দশমিক ৫৪ ও হবিগঞ্জে ১১ দশমিক ২৫ শতাংশ।
এই সময়ে মৃত্যু হয়েছে ১২ জনের। সবাই মারা গেছেন সিলেট জেলায়। আগেরদিন বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২৮৫ জন, সুনামগঞ্জ জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ৯৩ ও হবিগঞ্জ জেলায় ৬ জন মিলিয়ে ৪১৪ জন। আগের দিন ৪৫৬ জন সুস্থ হয়েছিলেন।