নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনায় নমুনা পরীক্ষা, আক্রান্তের সংখ্যা, শনাক্তের হার ও মৃত্যু সবই কমছে। অনদিকে বাড়ছে সুস্থ হওয়ায় সংখ্যা। ফলে জনমনে কিছুটা হলেও স্বস্তিবোধ হচ্ছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২০৪ জনের, যা রবিবারে শনাক্তের চেয়ে ১১ জন কম। আগেরদিন ২১৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ৩৮৫টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৪০৬। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৮৫৪, সুনামগঞ্জে ১৬৯, মৌলভীবাজারে ১৯৮ ও হবিগঞ্জে ১৬৪। এরমধ্যে সিলেটে ১২৩ জন, সুনামগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারে ৩২ জন ও হবিগঞ্জে ৩১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ১৪ দশমিক ৭৩। রবিবারে ছিল ১৫ দশমিক ২৯। অর্থাৎ ০ দশমিক ৫৬ শতাংশ কমেছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ১৪ দশমিক ৪০, সুনামগঞ্জে ১০ দশমিক ৬৫, মৌলভীবাজারে ১৬ দশমিক ১৬ ও হবিগঞ্জে ১৮ দশমিক ৯০ শতাংশ।
এই সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের। সবাই মারা গেছেন সিলেট জেলায়। আগের ৩ দিন বিভাগে ১২ জন করে মৃত্যু হয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ৩৬১ জন, সুনামগঞ্জ জেলায় ৫৪ জন, মৌলভীবাজার জেলায় ৬০ জন ও হবিগঞ্জ জেলায় ১০০ জন মিলিয়ে ৫৭৫ জন। আগের দিন ৩৭৫ জন সুস্থ হয়েছিলেন।