নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনায় নমুনা পরীক্ষা ও আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও কমেছে শনাক্তের হার। কমেছে সুস্থ হওয়ায় সংখ্যাও; কিন্তু মৃত্যুর সংখ্যা ৩ দিন ধরে একই জায়গায় রয়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২১৫ জনের, যা শনিবারে শনাক্তের চেয়ে ৫০ জন বেশি। আগেরদিন ১৬৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ৪০৬টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ১১। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৬৭২, সুনামগঞ্জে ৩১৪, মৌলভীবাজারে ২৬৬ ও হবিগঞ্জে ১৫৪। এরমধ্যে সিলেটে ১০৫ জন, সুনামগঞ্জে ২৫ জন, মৌলভীবাজারে ৫২ জন ও হবিগঞ্জে ৩৩ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ১৫ দশমিক ২৯। শনিবারে ছিল ১৬ দশমিক ৩২। অর্থাৎ ১ দশমিক ০৩ শতাংশ কমেছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ১৫ দশমিক ৬৩, সুনামগঞ্জে ৭ দশমিক ৯৬, মৌলভীবাজারে ১৯ দশমিক ৫৫ ও হবিগঞ্জে ২১ দশমিক ৪৩ শতাংশ।
এই সময়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে ১০ জনই মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জ জেলায় ২ জন মারা গেছেন। আগের দুদিনও বিভাগে ১২ জন করে মৃত্যু হয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২৮৮ জন, সুনামগঞ্জ জেলায় ২৪ জন, মৌলভীবাজার জেলায় ৪ জন ও হবিগঞ্জ জেলায় ৫৯ জন মিলিয়ে ৩৭৫ জন। আগের দিন ৩৯০ জন সুস্থ হয়েছিলেন।