সিলেট বিভাগে কমেছে মৃত্যু ছাড়া করোনার সকল সূচক

প্রকাশিত August 21, 2021
সিলেট বিভাগে কমেছে মৃত্যু ছাড়া করোনার সকল সূচক

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনার নমুনা পরীক্ষা, আক্রান্তের সংখ্যা ও শনাক্তের হার কমেছে। কমেছে সুস্থ হওয়ায় সংখ্যাও; কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২০০ জনের, যা শুক্রবারে শনাক্তের চেয়ে ১২১ জন কম। আগেরদিন ৩২১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ৩২টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৩৪২। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৬০০, সুনামগঞ্জে ১৩৮, মৌলভীবাজারে ১৭৩ ও হবিগঞ্জে ১২১। এরমধ্যে সিলেটে ১১৩ জন, সুনামগঞ্জে ২২ জন, মৌলভীবাজারে ৪৭ জন ও হবিগঞ্জে ১৮ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ১৯ দশমিক ৩৮। শুক্রবারে ছিল ২৩ দশমিক ৯২। অর্থাৎ ৪ দশমিক ৫৪ শতাংশ কমেছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ১৮ দশমিক ৮৩, সুনামগঞ্জে ১৫ দশমিক ৯৪, মৌলভীবাজারে ২৭ দশমিক ১৭ ও হবিগঞ্জে ১৪ দশমিক ৮৮ শতাংশ।
এই সময়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে ১০ জনই মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জ জেলায় ১ জন ও মৌলভীবাজার জেলায় ১ জন মারা গেছেন। আগের দিন বিভাগে ৭ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ৩৩৭ জন ও মৌলভীবাজার জেলায় ৫ জন মিলিয়ে ৩৪২ জন। আগের দিন ৬১১ জন সুস্থ হয়েছিলেন।