সিলেট বিভাগে করোনার নমুনা পরীক্ষা বেড়েছে : কমেছে শনাক্তের হার

প্রকাশিত August 18, 2021
সিলেট বিভাগে করোনার নমুনা পরীক্ষা বেড়েছে : কমেছে শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনার নমুনা পরীক্ষা বেড়েছে; কিন্তু কমেছে শনাক্তের হার। একদিনে আরো ১২ জন মারা গেছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪১৪ জনের, যা মঙ্গলবারে শনাক্তের চেয়ে ৫৭ জন বেশি। আগেরদিন ৩৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ২ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৪৭৬। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৬৭৯, সুনামগঞ্জে ৪৮৮, মৌলভীবাজারে ৪৫৯ ও হবিগঞ্জে ৬৩৯। এরমধ্যে সিলেটে ১২৩ জন, সুনামগঞ্জে ৭৯ জন, মৌলভীবাজারে ১০৪ জন ও হবিগঞ্জে ১০৮ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ১৮ দশমিক ২৮। সোমবারে ছিল ২৪ দশমিক ১৯। অর্থাৎ ৫ দশমিক ৯১ শতাংশ কমেছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ১৮ দশমিক ১১, সুনামগঞ্জে ১৬ দশমিক ১৯, মৌলভীবাজারে ২২ দশমিক ৬৬ ও হবিগঞ্জে ১৬ দশমিক ৯০ শতাংশ।
এই সময়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে ১০ জনই মারা গেছেন সিলেট জেলায়। অন্য দুজনের মধ্যে ১ জন সুনামগঞ্জ জেলায় ও ১ জন হবিগঞ্জ জেলায় মারা গেছেন। আগের দিন বিভাগে ১৭ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ৩৫৭ জন, সুনামগঞ্জ জেলায় ৫৩ জন, মৌলভীবাজার জেলায় ১৬৭ জন ও হবিগঞ্জ জেলায় ৭৩ জন মিলিয়ে ৬৫০ জন। আগের দিন ৭৫৮ জন সুস্থ হয়েছিলেন।