সিলেট বিভাগে করোনার অধিকাংশ সূচক কমলেও কমেনি মৃত্যু

প্রকাশিত August 10, 2021
সিলেট বিভাগে করোনার অধিকাংশ সূচক কমলেও কমেনি মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনার নমুনা পরীক্ষা, নতুন আক্রান্ত ও শনাক্তের হার কমেছে। কমেছে সুস্থ হয়ে উঠার সংখ্যাও; কিন্তু মৃত্যুসংখ্যা আগের জায়গায়ই রয়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৯০ জনের, যা সোমবারে শনাক্তের চেয়ে ১১২ জন কম। আগেরদিন ৭০২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও ৪ দশমিক ১ শতাংশ কমেছে।
সিলেট বিভাগে ২ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ১ হাজার ৭৫, সুনামগঞ্জে ৪০৫, মৌলভীবাজারে ২৬৪ ও হবিগঞ্জে ৩১০। এরমধ্যে সিলেটে ৩১৭ জন, সুনামগঞ্জে ১০৫ জন, মৌলভীবাজারে ৬৭ জন ও হবিগঞ্জে ১০১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ২৮ দশমিক ৭২। রবিবারে ছিল ৩২ দশমিক ৮২। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ২৯ দশমিক ৪৯, সুনামগঞ্জে ২৫ দশমিক ৯৩, মৌলভীবাজারে ২৫ দশমিক ৩৮ ও হবিগঞ্জে ৩২ দশমিক ৫৮।
এই সময়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। এরমধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ১৫ জন। এছাড়া মৌলভীবাজার জেলায় ১ জন ও হবিগঞ্জ জেলায় ১ জন মারা গেছেন। আগের দিনও ১৭ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২১৯ জন, সুনামগঞ্জ জেলায় ৬৫ জন, মৌলভীবাজার জেলায় ২১ জন ও হবিগঞ্জ জেলায় ২ জন মিলিয়ে ৩০৭ জন। আগের দিন ৪৭০ জন সুস্থ হয়েছিলেন।