হবিগঞ্জ জগন্নাথপুর ও মাধবপুরে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু

প্রকাশিত August 7, 2021
হবিগঞ্জ জগন্নাথপুর ও মাধবপুরে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ৭৮টি ইউনিয়ন ও ৬টি পৌসভায় ৮৪টি কেন্দ্রে একযোগে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকালে এ কার্যক্রম শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডা এ কে এম মুস্তাফিজুর রহমান জানান, প্রথমদিনে ৫০ হাজার ৪০০ জনকে করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নিয়ে জেলায় ২৫২টি বুথে টিকা দেওয়া শুরু হয়। প্রতি বুথে দুই জন ভ্যাক্সিনেটর ও তিন জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন।
সকালে হবিগঞ্জ পৌরসভার গণটিকাদান কার্যক্রম উদ্বোধন করেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বানিয়াচং উপজেলায় গণটিকাদান কার্যক্রম উদ্ভোধন করেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাংসদ আব্দুল মজিদ খান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামিম আরা।
এদিকে দুপুরে হবিগঞ্জ শহরের বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
জগন্নাথপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে জগন্নাথপুর পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে টিকা দেওয়া হয়। গণটিকাদান কার্যক্রমের প্রথম ধাপে প্রতি ওয়ার্ডের ২০০ জন করে মোট ৫ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া হয়েছে।
তবে বিভিন্ন টিকাদান কেন্দ্রে ছিল বিশৃঙ্খল পরিবেশ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে সবাই যেন টিকা নেওয়ার প্রতিযোগিতায় মেতে উঠে। অনেকের মুখেই মাস্ক ছিলনা। অনেকের ছিল থুতনিতে নামানো। লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। এমনি পরিবেশেই অধিকাংশ টিকাদান কেন্দ্রে দুপুর ২টার আগেই টিকা দেওয়া শেষ হয়ে যায়। ফলে অনেককে টিকা না নিয়ে ফিরে যেতে হয়েছে।
এদিকে সকাল থেকেই করোনার গণটিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী এবং সেনাবাহিনীসহ প্রশাসনের কর্মকর্তাগণ।
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে নারী-পুরুষরদেরকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে টিকাদান কেন্দ্রে ভিড় করতে দেখা যায়।
মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩ কেন্দ্রে ও মাধবপুর পৌরসভার ৩ কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম চলে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন জানান, সিনোর্ফামার ভেনোসেল নামের টিকা দেওয়া হচেছ। উপজেলায় ৭ হাজার ২০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি বুথে ২০০ জনকে টিকা দেওয়া হয়।