নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনায় একদিনে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃদ্ধি পেয়েছে নমুনা পরীক্ষা, আক্রান্ত ও সুস্থ হওয়ার সংখ্যা। অন্যদিকে শনাক্তের হার কমেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭৫৮ জনের, যা বৃহস্পতিবারে শনাক্তের চেয়ে ২৭ জন বেশি। আগেরদিন ৭৩১ জনের শরীর করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ৯৬৭টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ১ হাজার ৯৬, সুনামগঞ্জে ১৯৯, মৌলভীবাজারে ৫৩৬ ও হবিগঞ্জে ১৩৬। এরমধ্যে সিলেটে ৪৬৫ জন, সুনামগঞ্জে ৫১ জন, মৌলভীবাজারে ১৯১ জন ও হবিগঞ্জে ৫১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৩৮ দশমিক ৫৪। বৃহস্পতিবাবে ছিল ৩৯ দশমিক ০৩। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৪২ দশমিক ৪৩, সুনামগঞ্জে ২৫ দশমিক ৬৩, মৌলভীবাজারে ৩৫ দশমিক ৬৩ ও হবিগঞ্জে ৩৭ দশমিক ৫০।
এই সময়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। এরমধ্যে ১৩ জনই মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া মৌলভীবাজার জেলায় ১ জন ও হবিগঞ্জ জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ১৩ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ১৬০ জন, সুনামগঞ্জ জেলায় ৫৪ জন, মৌলভীবাজার জেলায় ৪০ জন ও হবিগঞ্জ জেলায় ২১ জন মিলিয়ে ২৭৫ জন। আগের দিন ২৫৩ জন সুস্থ হয়েছিলেন।