দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগে মহামারি করোনার নমুনা পরীক্ষা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। একই হারে বেড়েছে শনাক্তের সংখ্যা। এছাড়া একদিনে আরো ৯ জন মারা গেছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৯৯৬ জনের, যা শুক্রবারে শনাক্তের চেয়ে ৬৫৬ জন বেশি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও ৩ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিলেট বিভাগে ২ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৯৭৫, সুনামগঞ্জে ৪১২, মৌলভীবাজারে ৩৮৭ ও হবিগঞ্জে ৭৯২। এরমধ্যে সিলেটে ৩৯৯ জন, সুনামগঞ্জে ১০৬ জন, মৌলভীবাজারে ১৪০ জন ও হবিগঞ্জে ৩৫১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৩৮ দশমিক ৮২। আগের দিন ছিল ৩৫ দশমিক ৬৮। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৪০ দশমিক ৯২, সুনামগঞ্জে ২৫ দশমিক ৭৩, মৌলভীবাজারে ৩৬ দশমিক ১৮ ও হবিগঞ্জে ৪৪ দশমিক ৩২।
এই সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের। এরমধ্যে ৭ জনই মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জ জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনও ৯ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২০৮ জন, সুনামগঞ্জ জেলায় ৩৪ জন, মৌলভীবাজার জেলায় ৪৮ জন ও হবিগঞ্জ জেলায় ১৫ জন মিলিয়ে ৩০৫ জন। আগের দিন ২১৮ জন সুস্থ হয়েছিলেন।