দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগে মহামারি করোনায় একদিনে মৃত্যুর সংখ্যা পৌঁছলো ১৭ তে। বেড়েছে শনাক্তের সংখ্যাও। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নমুনা দিতে আগ্রহীদেরকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭৩৬ জনের, যা রবিবারে শনাক্তের চেয়ে ২৮ জন বেশি। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০ দশমিক ১৭ শতাংশ কমেছে।
সিলেট বিভাগে ১ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৮১১, সুনামগঞ্জে ২৯৯, মৌলভীবাজারে ৫৪৯ ও হবিগঞ্জে ১৩১। এরমধ্যে সিলেটে ৩৪১ জন, সুনামগঞ্জ ১১৬ জন, মৌলভীবাজারে ২২৫ জন ও হবিগঞ্জে ৫৪ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৩৯ দশমিক ৩৬। আগের দিন ছিল ৩৯ দশমিক ৫৩। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৮ দশমিক ২৭, সুনামগঞ্জে ৩৮ দশমিক ৮০, মৌলভীবাজারে ৪০ দশমিক ৯৮ ও হবিগঞ্জে ৪১ দশমিক ২২।
এই সময়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। এরমধ্যে ১৪ জনই মারা গেছেন সিলেট জেলায়। অন্য ৩ জনের মধ্যে ১ জন সুনামগঞ্জ জেলায় ও ২ জন মৌলভীবাজার জেলায় মারা গেছেন। আগের দিন ৭ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২৪৪ জন, সুনামগঞ্জ জেলায় ৩৫ জন, মৌলভীবাজার জেলায় ৭২ জন ও হবিগঞ্জ জেলায় ৩ জন মিলিয়ে ৩৫৪ জন। আগের দিন ৩৭৭ জন সুস্থ হয়েছিলেন।