নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ৫০ কেজি গাঁজা ও গাঁজা বহনে ব্যবহৃত একটি কারসহ ৩ মাদক ব্যবসায়ীকে র্যাব-৯ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা বাহিনীর আনসার সদস্য। গ্রেফতারকৃতদেরকে মাদক মামলায় নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-৯ অধিনায়ক লে কর্নেল আবু মুসা মো শরীফুল ইসলাম পিএসসি ও লে কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার গভীররাতে সিলেট-ঢাকা মহাসড়কের গোপালবাজার টোলপ্লাজা এলাকা থেকে এই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের একজন জুয়েল মিয়া নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা বাহিনীর আনসার টিমের পিসি। তার বাড়ি জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামে। অন্য দুই মাদক ব্যবসায়ী হলো, বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের মো আব্দুল্লাহ ও চুনারুঘাট উপজেলার ফনারগাঁও গ্রামের কামাল মিয়া।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।