দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগে করোনায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। বেড়েছে নমুনা পরীক্ষা ও আক্রান্ত শনাক্তের সংখ্যা। তবে শনাক্তের শতকরা হার কমেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪৪৫ জনের, যা সোমবারে শনাক্তের চেয়ে ১০৬ জন বেশি; কিন্তু শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ কম। এ ক্ষেত্রে হবিগঞ্জ জেলা ভাল অবস্থানে আছে।
সিলেট বিভাগে ১ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৬৩৭, সুনামগঞ্জে ১৯৪, মৌলভীবাজারে ২৭৬ ও হবিগঞ্জে ২২৬। এরমধ্যে সিলেটে ২৪১ জন, সুনামগঞ্জে ৭০ জন, মৌলভীবাজারে ১০৬ জন ও হবিগঞ্জে ২৮ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার কমে হয়েছে ৩৩ দশমিক ৩৮। আগের দিন ছিল ৩৫ দশমিক ০৯। সর্বশষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৩ দশমিক ৮৩, সুনামগঞ্জে ৩৬ দশমিক ০৮, মৌলভীবাজারে ৩৮ দশমিক ৪১ ও হবিগঞ্জে ১২ দশমিক ৩৯।
এই সময়ে মৃত্যু হয়েছে ৫ জনের। এর মধ্যে ২ জন সিলেট জেলায় ও ৩ জন মৌলভীবাজার জেলায় মারা গেছে। আগের দিন ১১ জন মারা গিয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছে, সিলেট জেলায় ১৬৬ জন, সুনামগঞ্জ জেলায় ২৫ জন, মৌলভীবাজার জেলায় ৩৮ জন ও হবিগঞ্জ জেলায় ৬ জন মিলিয়ে ২৩৫ জন। আগের দিন ২৯৩ জন সুস্থ হয়েছিল।