পবিত্র ঈদুল আজহা বুধবার : সারাদেশে সার্বিক প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত July 20, 2021
পবিত্র ঈদুল আজহা বুধবার : সারাদেশে সার্বিক প্রস্তুতি সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা বুধবার। মুসলমানদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব উদযাপনে সিলেটসহ সারাদেশে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার মসজিদ ছাড়াও ঈদগা ও খোলামাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। করোনার কারণে গতবছর সীমিত সংখ্যক মুসল্লির অংশগ্রহণে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। তবে এবছর বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
ঈদুল আজহার বিশেষত্ব হলো, পশু কোরবানি। বাংলাদেশে সাধারণত গরু ও ছাগল কোরবানি দেওয়া হয়। তাই স্থানে স্থানে পশুরহাট বসে। বসেছিল এবারো। শেষখবর পাওয়া পর্যন্ত জমজমাট বেচাকেনা চলছিল। তবে পথে পথে চাঁদাবাজি বা পশু ছিনতাইয়ের অভিযোগ তেমন উঠেনি। ঈদুল আজহাকে সামনে রেখে যেভাবে মানুষ স্বাস্থ্যবিধি ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শহরে-নগরে কেনাকাটা করেছে, কোরবানির পশুরহাটে ভিড় জমিয়েছে এবং গ্রামে ছুটেছে তাতে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে বলে বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করেছেন। সিলেটে এবার ঐতিহাসিক শাহী ঈদগায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছেনা। প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগায়। সেখানে সকাল ৮টায় একমাত্র জামাতটি অনুষ্ঠিত হবে। এছাড়াও কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টায়, সকাল ৮টায় ও সকাল ৯টায় পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে। কালেক্টরেট জামে মসজিদেও হবে তিনটি জামাত। প্রথামটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ৯টায় ও তৃতীয়টি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জামাত সকাল ৮টায়। সবখানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনার আলোকে মুসল্লিরা নামাজ আদায় করবেন।