জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঘর পেলো ১৭৬টি পরিবার

প্রকাশিত July 18, 2021
জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঘর পেলো ১৭৬টি পরিবার

সাইফুল ইসলাম সুমন, জুড়ী : সুলেখা রানী বিশ্বাসের ঘর ছিলনা। স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানসহ মাথা গোঁজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। যেখানে দুমুঠো ভাত খাওয়াই কঠিন সংগ্রাম, সেখানে পাকাঘর তো কল্পনাই করেননি কখনো। অথচ এখন নিজের ঘর হয়েছে-মাথা গোঁজার ঠাঁই হয়েছে। তাই জীবনের বাকি দিনগুলো ছাদের নিচে পার করার স্বপ্ন দেখছেন।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এরকম অনেকেরই মাথা গোঁজার ঠাঁই ছিলনা। ছিলনা জমি-জিরাত। ঘর ছিল স্বপ্নের মতো। সেই স্বপ্ন এখন সত্য হয়ে ধরা দিয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ হিসেবে উপজেলার ছয়টি ইউনিয়নের ১৭৬টি পরিবারের অসহায়-হতদরিদ্র মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নিলো।
প্রধানমন্ত্রীর নিকট থেকে এমন পাকাঘর উপহার পেয়ে নতুন জীবনের সন্ধান পেয়েছে এসব পরিবারের মানুষেরা। ইটের তৈরি দেয়াল আর চালে রঙিন টিনের স্বপ্নরনীড়। তাই আনন্দের সীমা নেই।
আবেগ আপ্লুত সুলেখা রানী বিশ্বাস বললেন, স্বামী মারা যাওয়ার পর আমার দুচোখে ছিল শুধুই দুঃস্বপ্নের ছাপ। এখন প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। আমি স্বপ্নেও ভাবিনি পাকাঘর পাবো। এখন মরার আগে পর্যন্ত শান্তিতে রাত কাটাতে পারবো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, জুড়ী উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে ১৬৯টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। প্রথম পর্যায়ে ৭টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর এই উপহার। দ্বিতীয় পর্যায়ে ছয় ইউনিয়নের মধ্যে জায়ফরনগরে ৭টি, পশ্চিম জুড়ীতে ৫৩টি, পূর্ব জুড়ীতে ৬৩টি ও গোয়ালবাড়ীতে ৪৬টি সহ মোট ১৬৯টি ভূমিহীন পরিবার ঘর পেয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ওমর ফারুক জানান, প্রতিটি ঘরে দুটি শোবারঘর, একটি টয়লেট ও একটি রান্নাঘরসহ পানি ও বিদ্যুতের সুবিধা রয়েছে।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে এই উপজেলার ১৭৬টি পরিবারের অসহায় ও হতদরিদ্র মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।