দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগের চার জেলায় করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। এক্ষেত্রে এখনো শীর্ষে হবিগঞ্জ। অন্যদিকে মৃত্যু বেড়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪৩৩ জনের, যা মঙ্গলবারে শনাক্তের চেয়ে ১০৭ জন কম। শনাক্তের দিক দিয়ে সিলেট জেলা বরাবরের মতোই শীর্ষে আছে।
সিলেট বিভাগে ১০৮২টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৬৮১, সুনামগঞ্জে ৯০, মৌলভীবাজারে ১১১ ও হবিগঞ্জে ২০০। এরমধ্যে সিলেটে ২৬৯ জন, সুনামগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ৩৪ জন ও হবিগঞ্জে ৯৮ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৪০ দশমিক ০২। জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৯ দশমিক ৫০, সুনামগঞ্জে ৩৫ দশমিক ৫৬, মৌলভীবাজারে ৩০ দশমিক ৬৩ ও হবিগঞ্জে ৪৯।
এই সময়ে মারা গেছে ৯ জন। এর মাঝে ৭ জনই সিলেট জেলার অধিবাসী। ২ জনের বাড়ি মৌলভীবাজার জেলায়। আগের দিন ৫ মারা গিয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছে, সিলেট জেলায় ১৭২ জন, সুনামগঞ্জ জেলায় ১৬ জন, মৌলভীবাজার জেলায় ২৭ জন ও হবিগঞ্জ জেলায় ২৬ জন মিলিয়ে ২৪১ জন। আগের দিন ২১২ জন সুস্থ হয়েছিল।