সিলেট বিভাগে করোনার নমুনা পরীক্ষার সঙ্গে তাল মিলিয়ে শনাক্ত বৃদ্ধি

প্রকাশিত July 13, 2021
সিলেট বিভাগে করোনার নমুনা পরীক্ষার সঙ্গে তাল মিলিয়ে শনাক্ত বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চার জেলায় করোনার নমুনা পরীক্ষা বেড়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে বেড়ে গেছে শনাক্ত সংখ্যা। শনাক্তের শতকরা হারও বেড়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৪০ জনের, যা সোমবারে শনাক্তের চেয়ে ১৬৫ জন বেশি। শনাক্তের দিক দিয়ে শতকরা হিসেবে এখনও হবিগঞ্জ জেলা শীর্ষে আছে।
সিলেট বিভাগে ১২৯৫টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৭৫২, সুনামগঞ্জে ৮৫, মৌলভীবাজারে ৩০৮ ও হবিগঞ্জে ১৫০। এরমধ্যে সিলেটে ৩৩৪ জন, সুনামগঞ্জে ২৫ জন, মৌলভীবাজারে ১২৫ জন ও হবিগঞ্জে ৭৬ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৪১ দশমিক ৭০। জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৪১ দশমিক ৭৬, সুনামগঞ্জে ২৯ দশমিক ৪১, মৌলভীবাজারে ৪০ দশমিক ৫৮ ও হবিগঞ্জে ৫০ দশমিক ৬৭।
এই সময়ে মারা গেছে ৫ জন। এর মাঝে ৪ জনই সিলেট জেলার অধিবাসী। অন্যজনের বাড়ি হবিগঞ্জ জেলায়। আগের দিনও ৫ জন মারা গিয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছে, সিলেট জেলায় ১৬২ জন, সুনামগঞ্জ জেলায় ১৫ জন, মৌলভীবাজার জেলায় ১৩ জন ও হবিগঞ্জ জেলায় ২২ জন মিলিয়ে ২১২ জন। আগের দিন ২৯৩ জন সুস্থ হয়েছিল।