উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : সিলেট বিভাগের চার জেলার মিলনস্থল ছুঁয়ে ৪৩৯.৬০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাড়ে ৪ লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভুগছে। ফলে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা। তারউপর করোনাকালীন পরিস্থিতি এই সংকটকে আরো প্রকট করে তুলেছে।
প্রায় ৩ বছর আগে এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়; কিন্তু নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় জনবল। অথচ ৩১ শয্যা বিশিষ্ট থাকাকালেই জনবল সংকট নিয়ে চলছিল এই সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি। এ কারণে জনবল না বাড়ানোয় ডাক্তার ও স্বাস্থকর্মীদের উপর চাপ বেড়ে গেছে। প্রায়ই রোগীর অবস্থা একটু জটিল হলে সিলেট পাঠিয়ে দিতে হয়।
করোনার চিকিৎসার জন্যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে ৪টি কেবিন ও ১৫টি শয্যা প্রস্তুত করা হয়েছে। অক্সিজেন সিলিন্ডার আছে ২২টি। এখানে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্টও করানো হচ্ছে; কিন্তু অপারেটর না থাকায় এক্স-রে মেশিন ব্যবহার করা যাচ্ছেনা। প্রায় ৬ বছর ধরে মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) পদটি শূন্য পড়ে আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছেন, ৫০ শয্যায় উন্নীত করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ দেওয়ার কথা ছিল; কিন্তু এখনো তা দেওয়া হয়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৫ জন মেডিক্যাল অফিসার থাকলেও ইউনিয়নভিত্তিক কমিউনিটি ক্লিনিকে উপ সহকারী মেডিক্যাল অফিসার ও মেডিক্যাল এসিসটেন্টের অনেক পদ খালি রয়েছে।
৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল কাঠামোর মধ্যেই মেডিক্যাল অফিসারের একটি পদ শূন্য। এছাড়া স্ত্রীরোগ, সার্জারি ও অ্যানেসথেসিয়া বিভাগে একজন করে চিকিৎসক থাকার কথা থাকলেও তিনটি বিভাগই চিকিৎসক শূন্য। মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) পদটি খালি রয়েছে। এক্স-রে মেশিন নষ্ট ১১ বছর ধরে। প্রায় ৭ বছর ধরে মেডিক্যাল টেকনোলজিস্টের (ল্যাব) ২টি পদের একটি শূন্য। তাই সাধারণ পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হয়।
অন্যদিকে নার্সের ১৪টি পদের ৭টি, সহকারী স্বাস্থ্য পরিদর্শকের ১১টি পদের ৭টি, স্বাস্থ্য পরিদর্শকের ৪টি পদের ৪টিই, অফিস সহকারীর ৩টি পদের ১টি ও ক্লিনারের ৫টি পদের ১টি শূন্য। এছাড়া এমএলএসএসের ৩টি, আয়ার ২টি, ওয়ার্ড বয়ের ২টি, বাবুর্চির ২টি ও মালির ১টি পদ থাকলেও এসব পদে কেউ নেই। অথচ এখানে প্রতিদিন বহির্বিভাগে ৩০০ থেকে ৪০০ রোগী বিভিন্ন রোগের চিকিৎসা নিতে আসে।
অন্যদিকে রোগীদের অভিযোগ, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ঔষধ পাওয়া যায়না। চিকিৎসাসেবায় অবহেলা করা হয়। নার্সরা উৎকোচ দাবি করেন। চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কোন কোন রোগীকে হবিগঞ্জ বা সিলেট পাঠিয়ে দেওয়া হয়।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুস সামাদ জানান, সীমিত জনবল নিয়েও তারা সাধ্যমতো জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। জনবল নিয়োগের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিয়োগ কার্যক্রম চলমান। জনবল বাড়লে স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি করা সম্ভব হবে।
তিনি আরো জানান, করোনার মৃদু থেকে মাঝারি উপসর্গের রোগীদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে। তবে গুরুতর উপসর্গের করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা ছাড়া বিকল্প নেই।