সুনামগঞ্জ প্রতিনিধি : দেশব্যাপী কঠোর লকডাউনের পঞ্চমদিনে সুনামগঞ্জে একদিকে বেড়েছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির তৎপরতা, অন্যদিকে বৃদ্ধি পেয়েছে ঘরছাড়া মানুষের সংখ্যা। রাস্তায় যানবাহনের সংখ্যাও বেড়ে গেছে।
সোমবার সকাল থেকে সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রেট মো সমর হোসেন ও সেনাবাহিনীর ক্যাপ্টেন ইয়াসিনের নেতৃত্বে শহরের কাজির পয়েন্ট ও ষোলঘর পয়েন্টসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪টি মামলা ও কয়েক ব্যক্তিকে জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট মো সমর হোসেন জানান, করোনার ভয়াবহ সংক্রমণকালে সাধারণ মানুষকে ঘরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার জরুরি। একজন মানুষ নিরাপদে থাকলে তার পরিবারের প্রতিটি সদস্য নিরাপদ থাকবেন।
তিনি জানান, জেলায় নিম্নআয়ের মানুষদের তালিকা প্রস্তুত করা হয়েছে। খুব শিগগির এই তালিকা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সবার কাছে খাদ্যসহায়তা পৌঁছানো হবে।