সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি : চার উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত June 30, 2021
সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি : চার উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত

সুনামগঞ্জ প্রতিনিধি : কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমাসহ সুনামগঞ্জের সকল নদীর বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। ইতোমধ্যে জেলার বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, তাহিরপুর ও শাল্লা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানা যায়, সুরমা নদীর পানি বুধবার দুপুর ২টায় শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে ২৪ ঘণ্টাায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার ও শাল্লা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা সদরের সঙ্গে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার একমাত্র সড়কটিতে পানি উঠে যাওয়ার বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। সুনামগঞ্জ শহরের নিচু এলাকার বাসাবাড়িতেও পানি ঢুকতে শুরু করেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো সাবিবুর রহমান জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পরবর্তী ৭২ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।
এই পরিস্থিতিতে বন্যার আশংকা করা হচ্ছে।