হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে হাজী আব্দুর রহিম মানবতার ক্যান্টিন ক্ষুধার্ত মানুষকে বিনামূল্যে খাদ্য দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে।
শহরের পুরাতন পৌরসভা এলাকায় ক্যান্টিনটি প্রতিষ্ঠা করেছে, স্বেচ্ছাসেবী সংস্থা তাসনুভা শামীম ফাউন্ডেশন। প্রাথমিকভাবে প্রতি বৃহস্পতিবার দুপুরে একশ দরিদ্র ক্ষুধার্ত মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করা হবে। উদ্যোক্তারা জানান, পর্যায়ক্রমে এই সুবিধাভোগীর সংখ্যা ও সময় বাড়ানো পরিকল্পনা রয়েছে।
শনিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে হাজী আব্দুর রহিম মানবতার ক্যান্টিন উদ্বোধন করেন, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মো আবু জাহির।
তাসনুভা শামীম ফাউন্ডেশনের সভাপতি মহসিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও শাহ জয়নাল আবেদীন রাসেল।