গৃহহীনদের ঘর দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন শেখ হাসিনা : ইমরান আহমদ

প্রকাশিত June 20, 2021
গৃহহীনদের ঘর দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন শেখ হাসিনা : ইমরান আহমদ

গোয়াইনঘাট প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ পাকাঘর উপহার দিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ইতিহাস সৃষ্টি করেছেন। বিশ্বে গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর দেওয়ার সবচেয়ে বড় কর্মসূচি এটা। এরই ফলশ্রুতিতে দ্বিতীয় পর্যায়ে দেশে ৫৩ হাজার ৩৪০টি অসহায় পরিবার মাথা গোঁজার ঠাঁই পেলো।
রবিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ে রাজধানীর গণভবন থেকে সারা দেশে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়াইনঘাটের অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আরো বলেন, আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য হলো, ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণপ্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয় বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ। দেশের ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দিতে এখন পর্যন্ত প্রায় ৯ লাখ পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো ফারুক আহমদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পিএ আহমেদ কবির, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো ফজলুল হক, সহকারী কমিশনার-ভূমি এ কে এম নূর হোসেন নির্ঝর, উপজেলা কৃষি কর্মকর্তা মো সুলতান আলী, গোয়াইনঘাট সার্কেলর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু প্রমুখ।