নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই শিশুসন্তানের ঘাতক হিফজুর রহমান (৩৮) নিজেই। এব্যাপারে মোটামুটি নিশ্চত হয়েই পুলিশ তাকে গ্রেফতার করেছে। রবিবার আদালতে হাজির করে তার রিমান্ড চাওয়া হবে। সে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শনিবার দুপুরে সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জানান, হাফিজুর রহমান এখন সুস্থ। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেওয়ার পর তাকে আদালতে তোলা হবে। তার কথাবার্তা থেকে পুলিশ এ সিদ্ধান্তে পৌঁছেছে। তবে সে মাঝে মাঝে ’সারারাত মাছ কেটেছে’ বলে উঠে।
উল্লেখ্য, গত ১৬ জুন সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামে ক্ষুদ্র পানব্যবসায়ী হিফজুর রহমানের ঘর থেকে তার স্ত্রী আলিমা বেগম (৩৫), মিজানুর রহমান (৮) ও মেয়ে তানিশা বেগমের (৩) মরদেহ উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করা হয় আহত অবস্থায়। তবে সে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে।
হত্যাকাণ্ডের ব্যাপারে সেদিন রাতেই নিহত আলিমা বেগমের পিতা আয়ুব আলী বাদি হয়ে গোয়াইনঘাট থানায় অজ্ঞাত আসামি দিয়ে একটি হত্যামামলা দায়ের করেন।
হিফজুর রহমানকে হত্যাকারী সন্দেহ করার কয়েকটি কারণ উল্লেখ করেন পুলিশ সুপার। এরমধ্যে রয়েছে, সেই রাতে বাইরে থেকে কেউ ঘরে ঢুকেনি। অন্যান্য দিনের মতো সন্ধ্যার পর সকালে বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহকৃত পানের দাম আনতে না গিয়ে অসুস্থতার ভান করে হিফজুর রহমান। আগেরদিন দুপুরে স্ত্রী-কন্যাকে নিয়ে যায় এলাকায় ‘আতা পীর’ নামে পরিচিত একজনের কাছে। এলাকাবাসীর মতে, বছরে একবার তার মস্তিষ্কবিকৃতি দেখা দেয়। এজন্য ডাক্তারের কাছে না গিয়ে সে ঝাড়-ফুঁক নিতো এই পীরের কাছে। ভোররাতে সে তিনজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে এবং একজনকে অটোরিকশা নিয়ে আসতে বলে। তাকে মরদেহগুলোর উপর পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। পায়ে ছিল মাটিমাখা। এছাড়া শ্যালিকার বিয়েতে যাওয়া না যাওয়া নিয়েও স্ত্রীর সঙ্গে তার বিবাদ চলছিল।