জগন্নাথপুরে মাদরাসাছাত্রী হত্যামামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত June 11, 2021
জগন্নাথপুরে মাদরাসাছাত্রী হত্যামামলার প্রধান আসামি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাদরাসাছাত্রী সানজিদা বেগম হত্যামামলার প্রধান আসামি তার আপন চাচা রবিউল ইসলামকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব ৯ গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ সিপিসি ৩ সদস্যরা দীর্ঘ ১০ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
র‌্যাব জানায়, সানজিদা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পরপরই রবিউল ইসলাম শ্বশুর বাড়িতে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় র‌্যাব-৯ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান, সুনামগঞ্জ র‌্যাব-৯ ক্যাম্পের অধিনায়ক লে কমান্ডার সিঞ্চন আহমেদ।
গত ৯ জুন রাতে জগন্নাথপুর উপজেলার গোয়ালগাঁও গ্রামের হাজিবাড়ির শয়ফুল ইসালামের মেয়ে স্থানীয় মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা বেগমকে তার শয়নকক্ষে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে রবিউল ইসলাম। এ ঘটনায় সানজিদা বেগমের বড়ভাই হাম্মাদ আহমদ বাদি হয়ে রবিউল ইসলামকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।