মানিক পীর টিলায় কোনো পার্কিং প্লেস বা বড় রাস্তা হবে না : আশ্বাস আরিফের

প্রকাশিত June 11, 2021
মানিক পীর টিলায় কোনো পার্কিং প্লেস বা বড় রাস্তা হবে না : আশ্বাস আরিফের

নিজস্ব প্রতিবেদন : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিশ্চয়তা দিয়েছেন, মহানগরীর হযরত মানিক পীর (র) টিলা কবরস্থানে কোনো পার্কিং প্লেস বা বড় রাস্তা বানানো হবেনা।
কবরস্থানে মানুষের কবর খুঁড়ে গার্ডওয়াল নির্মাণ এবং কবরস্থানকে হাঁটাচলা ও পার্কিং প্লেস হিসেবে উন্মুক্ত ব্যবহারের জন্যে ছেড়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা মানিক পীর টিলার পাদদেশে সচেতন নাগরিক সমাজের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ চলাকালে উদ্যোক্তাদের আহ্বানে সেখানে উপস্থিত হয়ে সিসিক মেয়র এই নিশ্চয়তা দেন।
মেয়র বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে গার্ডওয়ালের বাইরে যেসব কবর পড়বে সেগুলো বহাল রাখা হবে। কোনোভাবেই এখানে কোনো পার্কিং প্লেস বা বড় রাস্তা নির্মাণ করা হবে না। শুধুমাত্র বর্তমান সীমানা দেওয়ালের লাগোয়া একটি সরু রাস্তা নির্মাণ করা হবে মরদেহ ট্রলি বা কফিন বক্স নেওয়ার সুবিধার জন্য। রাস্তাটি মূল সীমানার ভিতরে থাকবে।
এ সময় মহানগর যুবলীগ নেতা তারেক আহমদ চৌধুরীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা নুরুল হুদা চৌধুরী কয়েস, সাংবাদিক মিসবাহ উদ্দীন আহমদ ও ব্যবসায়ী জুনেল আহমদ।
আরো উপস্থিত ছিলেন, উত্তর কাজীটুলা এলাকার স্বাধীন আহমদ, রুহেল আহমদ, ছাঈম আহমদ, অন্তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার সভাপতি আবদুল আহাদ এলিছ, সহসভাপতি জামিল আহমদ, রাসেল আহমদ, ব্যবসায়ী কামরুজ্জামান চৌধুরী পারেছ, আলী হায়দার মজনু, সায়েম আহমদ, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম সৌমিক, মিশফাক আহমদ মিশু, সারওয়ার হোসাইন, কাজী রিফাত আহমদ, প্রবাসী আফজাল হোসেন, ব্যবসায়ী জাকারিয়া হোসাইন, রাশেদ আহমদ, মিফতাহ উদ্দিন মিয়াদ, পাবেল আহমদ, ইসলাম উদ্দিন পুষ্প, দিলওয়ার হোসেন, মিনহাজ উদ্দিন আহমদ, মাসুদ আহমদ, মাহফুজ আহমদ প্রমুখ।