নবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জন আটক : কারাদণ্ড

প্রকাশিত June 11, 2021
নবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জন আটক : কারাদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৮ জুয়ারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও থেকে ৪ জন ও বাউসা ইউনিয়নের বাউসা বাজার থেকে ৪ জনকে জুয়া খেলার সামগ্রীসহ আটক করেন।
এই ৮ জুয়ারি হলো, বড়গাঁও গ্রামের আজগর আলীর ছেলে রুস্তুম আলী, মৃত সুন্দর আলীর ছেলে মহিউদ্দিন আহমদ, মৃত আছকির মিয়ার ছেলে মোছাব্বির হোসেন ও মৃত আব্দুস সত্তারের ছেলে শফিকুল ইসলাম এবং বাউসা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুর রব মিয়া, সফিক মিয়ার ছেলে শওকত আলী, সিদ্দিকুর রহমানের ছেলে শাফিজুল ইসলাম ও মৃত রঙ্গিলা মিয়ার ছেলে শামীম মিয়া।
ইউএনও পরে ভ্রাম্যমাণ আদালতে জুয়া খেলায় জায়গা দেওয়ায় রুস্তুম আলীকে দুই মাস এবং অন্যদেরকে এক মাস করে কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন জানান, জুয়া, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েসহ সামাজিক অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। আইনশৃঙ্খলা বাহিনীও সহযাগিতা দিয়ে যাচ্ছে।