শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে প্রতীকী ক্লাসের আয়োজন

প্রকাশিত June 1, 2021
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে প্রতীকী ক্লাসের আয়োজন

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে প্রতীকী ক্লাস হয়েছে।
সাধারণ শিক্ষার্থী পরিচয়ে সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতীকী ক্লাসে শিক্ষক ছিলেন, সিলেট লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাস। এসময় দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানান।
প্রতীকী ক্লাস পরবর্তী সমাবেশ সঞ্চালনা করেন, মদন মোহন কলেজের শিক্ষার্থী শিক্ষার্থী সাকিব রানা। সূচনা বক্তব্য দেন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী নাহিদ হাসান প্রান্তিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু শেখ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অসীম কুমার বৈষ্ণব, মদন মোহন কলেজের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম মাহিন, এমসি কলেজের শিক্ষার্থী সুরাইয়া পারভিন আঁখি ও রাকিবুল হাসান।
তারা বলেন, দেশের গার্মেন্টস ও অফিস-আদালতসহ সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে। কর্মকর্তা-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছেন। তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না।
বক্তারা বলেন, করোনার কারণে প্রায় দেড় বছর ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। লেখাপড়ার বাইরে থাকায় নানা কাজে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উচ্চশিক্ষাও ধ্বংসের দিকে যাচ্ছে। সৃষ্টি হয়েছে সেশনজট। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভালো নেই।
তারা বলেন, সরকারের এসব শিক্ষার্থীদের নিয়ে কোনো পরিকল্পনা নেই। গত দেড় বছরেও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কোনো রোডম্যাপ ঘোষণা করতে পারলনা সরকার। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলন চলবে।