নিজস্ব প্রতিবদেক : ভূমিকম্প পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ বিবেচনায় বন্ধ ঘোষিত ৬টি বিপণিবিতানে সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করেছে।
সোমবার সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সমবায় মার্কেট, মিতালী ম্যানশ্যান ও রাজা ম্যানশনে কয়েকটি দোকান খোলা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে সেগুলো বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া হাউজিং এস্টেটের হেলে পড়া একটি আবাসিক ভবন দুই ম্যাজিস্ট্রেট সরেজমিনে পরিদর্শন করেন ।
এদিকে আতংকিত না হয়ে সচেতনতামূকল ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভূমিকম্পে নাগরিকদের করণীয় বিষয়ে নির্দেশাবলী মাইকিং করে মহানগরী জুড়ে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, রবিবার সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, ফায়ার সার্ভিস ও মহানগর পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে পরিচালিত অভিযানে ঝুঁকিপূণ ভবনের তালিকার ভবন ও বিপণিবিতান ১০ দিনের জন্যে বন্ধ ঘোষণা করা হয়।