নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মানিকপীর টিলা বৃক্ষশোভিত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কবরস্থানে রূপান্তরিত হচ্ছে। চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় এখানে বনজ ও ফলদ গাছ লাগানো হবে।
শুক্রবার জুমআর নামাজের পর মানিকপীর টিলা আধুনিকায়ন প্রকল্পের আওতায় এ ব্লকের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
মেয়র জানান, আধুনিকায়ন প্রকল্পের আওতায় মানিকপীর টিলা কবরস্থানের এ ব্লকে ৩ হাজার ৫০০ কবরের ব্যবস্থা করা হয়েছে। এগিয়ে চলেছে আরো তিনটি ব্লকের উন্নয়ন কাজ। এই প্রকল্পে সংরক্ষণকে প্রধান্য দিয়ে মহানগরীর কবরস্থান সংকট নিরসন করা হচ্ছে।
পরে তিনটি মরদেহ দাফনের মধ্যদিয়ে এ ব্লকের দাফন কার্যক্রম শুরু করা হয়।
সিসিকের প্রধান প্রকৌশলী মো নূর আজিজুর রহমান জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয় মানিকপীর টিলা কবরস্থানের উন্নয়নে। প্রথম ধাপে ৫ কোটি টাকার এই প্রকল্পে চারদিক থেকে মানিকপীরের দরগায় উঠার চারটি সিড়ি নির্মাণ করা হচ্ছে। নির্মাণ করা হবে আধুনিক সুবিধা সম্পন্ন চারটি গোসলখানা। এরমধ্যে ২টি পুরুষদের জন্য ও ২টি মহিলাদের জন্য। দ্বিতীয় ধাপে আরো ৫ কোটি টাকার উন্নয়ন কাজ করা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় টিলা না কেটে কবর সংখ্যা বাড়ানোকেই প্রধান্য দেয়া হয়েছে। পুরো কবরস্থানে আধুনিক বাতি লাগানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো আব্দুর রকিব তুহিন, সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও মানিকপীর কবরস্থান উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।