শ্রীমঙ্গলে পানি উঠছেনা সাধারণ নলকূপ বা গভীর নলকূপ কোনটাতেই

প্রকাশিত April 30, 2021
শ্রীমঙ্গলে পানি উঠছেনা সাধারণ নলকূপ বা গভীর নলকূপ কোনটাতেই

তমাল ফেরদৌস, মৌলভীবাজার : প্রচণ্ড খরায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় ভূগর্ভে পানির স্তর নিচে নেমে গেছে। ফলে দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। সাধারণ নলকূপ বা গভীর নলকূপ কোনটাতেই পর্যাপ্ত পানি উঠছে না।
পবিত্র রমজান মাসে পানির সংকটে মারাত্মক দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। অনেকে নিত্যদিনের চাহিদা মেটাতে পানি কিনে আনতে বাধ্য হচ্ছেন। আর যারা কিনতে পারছেন না তারা হাহাকার করছেন।
ভুক্তভোগীরা জানান, হঠাৎ করে গত কয়েকদিন যাবত বাসা-বাড়ির পানির পাম্প বা টিউবওয়েল দিয়ে পর্যাপ্ত পানি উঠাতে পারছেন না। প্রথমে কারণ বুঝতে পারেননি। তাই কেউ কেউ মেকানিকের পরামর্শে অতিরিক্ত পাইপ যুক্ত করে পানি তোলার চেষ্টা চালান; কিন্তু বিফল হন।
শহরের হবিগঞ্জ রোডের কয়েকজন জানান, তাদের বাসায় পানির জন্য হাহাকার শুরু হয় শনিবার থেকে। সেহেরির সময় ট্যাংকির পানি শেষ হয়ে গেলে পাম্প চালান; কিন্তু তাতে পানি না উঠায় দারুণ বিপাকে পড়েন। দৈনন্দিন চাহিদা মেটাতে তাদেরকে পানি কিনে আনতে হচ্ছে।
এছাড়া শহরের কালিঘাট রোড, সিন্দুরখান রোড, মৌলভীবাজার রোড, হবিগঞ্জ রোড, কলেজ রোড, মিশন রোড, বঙ্গবীর রোড, শ্যামলী, পূর্বাশা, শান্তিবাগ ও শাপলাবাগ আবাসিক এলাকার অনেকেই ভূগর্ভে পানির স্তর নিচে নামার কারণে পাম্প দিয়ে পানি উঠাতে না পারায় তাদের দুর্ভোগের কথা জানান।
পানির স্তর নিচে নামার কারণ জানতে চাইলে শ্রীমঙ্গল পৌরসভার সহকারী প্রকৌশলী মো জহিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় শহর ও শহরতলি এলাকায় পানির স্তর প্রায় ৩০ ফুট নিচে নেমে গেছে। তাই টিউবওয়েল এবং সাধারণ পাম্প দিয়ে পানি উঠানো যাচ্ছে না।
তিনি কলম পাইপে ৩০/৩৫ ফুট পাইপ সংযুক্ত করার পরামর্শ দেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শ্রীমঙ্গলের উপ প্রকৌশলী মো সাইফুল ইসলাম জানান, শ্রীমঙ্গলের অধিবাসীরা পুরোপুরিভাবেই ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। এখানে প্রাকৃতিক পানি বিশেষ করে নদী-নালার পানির ব্যবহার নেই বললেই চলে। শ্রীমঙ্গলের বিভিন্ন কারখানা ও পৌরসভায় বড় বড় পাম্প দিয়ে ভূগর্ভ থেকে পানি উঠানো হয়। এছাড়া একেতো এখন শুষ্ক মৌসুম তারউপর অনেক দিন যাবত বৃষ্টিপাত না হওয়ায় কারণে পানির স্তর নিচে নেমে গেছে।
তিনি জনসাধারণকে পানির অপচয় রোধ করার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ দেন।