নিজস্ব প্রতিবেদক : আজ বাংলাদেশের রক্তেকেনা স্বাধীনতার ৫০ বছরপূর্তি অর্থাৎ সুবর্ণজয়ন্তি। একটি জাতির জন্যে এ যে পরম পাওয়া। তাই এবারের মহান স্বাধীনতা দিবস অন্যরকম আবেগ আর উচ্ছ্বাস নিয়ে এসেছে। যদিও করোনাকাল তবু দেশজুড়ে উৎসবের আয়োজন। এর সঙ্গে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ২০২১ সালকে অনন্য করে তুলেছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটে সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের কর্মসূচিতে রয়েছে, ভোরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে তোপধ্বনি, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে ও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ, সকাল ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, ব্লু বার্ড স্কুলে নারীদের আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান, দুপুরে মসজিদে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা, হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেল ৪টায় জেলা স্টেডিয়ামে কাবাডি ও বিকেল সাড়ে ৪টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় বিভিন্ন ভবনে আলোকসজ্জা, সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আছে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি। ইতোমধ্যে সড়ক ও সড়ক দ্বীপ সজ্জিত করা হয়েছে।
২৭ এবং ২৮ মার্চও কয়েকটি কর্মসূচি রয়েছে।