নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের কার্যক্রমে সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব। তবে নারী উদ্যোক্তাদেরকে গতানুগতিক ব্যবসা থেকে বেরিয়ে সৃজনশীল মনমানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। নাহলে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারবেন না।
বৃহস্পতিবার সকালে মহানগরীর মির্জাজাঙ্গালে নির্ভানা ইন প্রাঙ্গণে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩ দিনব্যাপী ‘এসসিসিআই নারী উদ্যোক্তা সম্মেলন-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো শোয়েব। বিশেষ অতিথি ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট চেম্বার ও নারী উদ্যোক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী মার্চ মাসের মধ্যে মহানগরীতে নারী উদ্যোক্তাদের জন্য একটি পণ্য প্রদর্শন কেন্দ্র (ডিসপ্লে সেন্টার) করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
তিনি সিলেটের নারী উদ্যোক্তাদের উন্নয়নে সিলেট চেম্বারের ভূমিকার প্রশংসা করেন।
মেয়র সিলেটের ঐতিহ্যবাহী বাঁশ ও বেতশিল্পে এগিয়ে আসার জন্য নারী উদ্যোক্তাদের প্রতি আহবান জানান। সেই সঙ্গে ব্যাংকগুলোকে নারী উদ্যোক্তাদের ঋণ গ্রহণ প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ করেন।
তিনি উল্লেখ করেন, শেভরনের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশন একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে, যে চুক্তি অনুসারে শেভরন সিলেটের তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ অনুযায়ী কর্মসংস্থানেরও ব্যবস্থা করবে।
মেয়র সিলেট শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।
তিনি সরকারি সংস্থাগুলোকে নিজ নিজ অবস্থানে থেকে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির আহবায়ক সামিয়া বেগম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি চন্দন সাহা ও সহ সভাপতি তাহমিন আহমদ।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো শোয়েব বলেন, পিছিয়ে পড়া নারী সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে এই উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও নারীদেরকে এগিয়ে নিতে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
সিলেট চেম্বার সভাপতি জানান, সম্মেলনে নারী উদ্যোক্তাদের ভ্যাট, ট্যাক্স, বিএসটিআই ও ব্যাংকিংসহ অন্যান্য বিষয়ে ধারণা দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতায় আলাদা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথ থেকে নারী উদ্যোক্তাগণ প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী পর্ব শেষে ‘সিলেটের নারী উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উইমেন এন্ড ই-কমার্স (উই) সভাপতি নাসিমা আক্তার নিশা।
এই পর্বে নারী সমাজের উন্নয়নে ও বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নারী উদ্যোক্তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মেলনে নারী উদ্যোক্তাদের পরিচালিত বিভিন্ন সেক্টরের ৬২টি স্টল স্থান পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, এসসিসিআই পরিচালক মো মামুন কিবরিয়া সুমন, মো সাহিদুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো আব্দুর রহমান (জামিল), মো আতিক হোসেন, মো আমিনুজ্জামান জোয়াহির, সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি ও এফবিসিসিআইর সাবেক পরিচালক মো হিজকিল গুলজার, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, মো বশিরুল হক, মুজিবুর রহমান মিন্টু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, পূবালী ব্যাংকের জিএম দেওয়ান জামিল মাসুদ, বিএসটিআইর সহকারী পরিচালক প্রকৌশলী হাবিবুর রহমান, বিসিক সিলেটের ডিজিএম মির্জা সোহেল, উপজেলা প্রাণী সম্পদ কর্তকর্তা ডা নার্গিস সুলতানা লাকী, নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির যুগ্ম আহবায়ক মধুমিতা ইসলাম ও হেলেন আহমদ, সোনালী ব্যাংকের ডিজিএম মো এমরান উল্লাহ্, অগ্রণী ব্যাংকের ডিজিএম মাহমুদ রেজা, মোর্শেদা আক্তার, জনতা ব্যাংকের ডিজিএম বিমল কান্তি দাস, ইউনিয়ন ব্যাংকের এসএভিপি হুমায়ুন কবির এবং জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, বিসিক, বিএসটিআই, ব্যাংক ও সরকারি-বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।