নবীগঞ্জে বিজনা নদীর ভরাট অংশে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হলো

প্রকাশিত January 28, 2021
নবীগঞ্জে বিজনা নদীর ভরাট অংশে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হলো

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনা নদীর ভরাট অংশে গড়ে তোলা মাদকসেবীদের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
অবৈধভাবে গড়ে তোলা এই ৩টি পাকা ঘরে রাতে মাদকের আসরসহ অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। গত মাসে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এনিয়ে বিস্তারিত আলোচনা শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে ও নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগিতায় অভিযানকালে এক্সেভেটর মেশিন অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়।